অন্নপূর্ণা নিয়ে ধামাকা বার্তা! ‘৫০০ টাকা দিতে আগের সরকার ৯ মাস নিত’, পুজোতেই মিলবে বকেয়া টাকা: মুখ্যমন্ত্রী

জুন মাসে সূচনা হওয়ার পর সেপ্টেম্বরে এসেও রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রে ‘অন্নপূর্ণা যোজনা’। এই মুহূর্তে রাজ্যে প্রকল্পের সুবিধাপ্রাপ্ত মহিলার সংখ্যা ১ কোটি ৫০ লাখ অতিক্রম করলেও, ক্ষোভ জমছে বহু আবেদনকারীর মনে। সঠিক নিয়মে ফর্ম জমা দিয়েও এখনও একটি কিস্তির টাকা পাননি অনেকেই—উঠছে এমনই অভিযোগ। তবে এই সমস্ত সংশয় উড়িয়ে দিয়ে উপভোক্তাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সম্প্রতি বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বিরোধী শক্তিকে কড়া আক্রমণ ছেড়ে বলেন, “আগের সরকার মহিলাদের মাত্র ৫০০ টাকা ভাতা পৌঁছে দিতে ৯ মাস সময় পার করে দিত। আর আমাদের সরকার ৫ মাসও কাটেনি, তার আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পৌঁছে দিয়েছে!”
বর্ধমানের খতিয়ান তুলে ধরে তিনি জানান, এই জেলায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মোট ১২ লাখ ৩৮ হাজার ৭৮১ জন মহিলা আবেদন করেছিলেন। তার মধ্যে ১১ লাখ ৫৬ হাজার ৩৩২ জনের আবেদন মঞ্জুর হয়েছে এবং ইতিমধ্যে ৯ লাখ ৫২ হাজার ৩৩১ জনের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়েছে। নামমাত্র কিছু আবেদন বাতিল ও ভেরিফিকেশনে আটকে রয়েছে।
যে সমস্ত যোগ্য উপভোক্তারা এখনও টাকা পাননি, তাঁদের চিন্তা না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই যোগ্য প্রার্থীরা পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে সরাসরি ব্যাঙ্কে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন।