ওবিসি সংরক্ষণে হাইকোর্টের ধাক্কা, SSC ইন্টারভিউয়ের তালিকা প্রত্যাহার করল কমিশন

ওবিসি সংরক্ষণে হাইকোর্টের ধাক্কা, SSC ইন্টারভিউয়ের তালিকা প্রত্যাহার করল কমিশন

কলকাতা: উচ্চ আদালতের নির্দেশের পর রাজ্য স্কুল সার্ভিস কমিশনের (WB SSC) একাদশ-দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। কমিশনের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে পূর্বে প্রকাশিত ইন্টারভিউ তালিকা, ওয়েটিং লিস্ট, চূড়ান্ত প্যানেল এবং এই ভিত্তিতে সম্পন্ন হওয়া কাউন্সিলিং। এমনকি কাউন্সিলিংয়ের পর যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল, তাও প্রত্যাহার করেছে কমিশন।

কেন এই প্যানেল বাতিল? কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এসএসসি নিয়োগে ওবিসি (OBC) সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাকি ১০ শতাংশ আসন জেনারেলে যুক্ত হবে। পাশাপাশি ২০২৫ সালের ১২ আগস্ট পর্যন্ত প্রাপ্ত EWS (অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী) শংসাপত্রের ভিত্তিতে সংরক্ষণ প্রযোজ্য হবে। আদালতের এই নির্দেশের ভিত্তিতে সংশোধিত শূন্যপদ মেনে সম্পূর্ণ নতুন তালিকা তৈরি করেছে কমিশন।

পরীক্ষার্থীদের জন্য বড় তথ্য:

  • যারা নতুন তালিকায় জায়গা পেয়েছেন এবং ইতিমধ্যে ইন্টারভিউ ও ডেমো ক্লাস দিয়েছেন, তাঁদের নতুন করে পরীক্ষা দিতে হবে না।
  • তাঁদের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ ও ডেমো ক্লাসের নম্বরের ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করা হবে।

প্রেক্ষাপট ও সময়সীমা: বিগত এক দশক ধরে এসএসসির নিয়োগ প্রক্রিয়া জটিল আকার ধারণ করেছে। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত যোগ্য শিক্ষকদের সবেতন কাজের সময় বেঁধে দিয়ে নতুন নিয়োগের নির্দেশ দেয়। তবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত এই নতুন আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ে প্রক্রিয়া শেষ না হওয়ায় সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়েছে কমিশন। এতে প্রক্রিয়া খানিকটা পিছোলেও আপাতত যোগ্য শিক্ষক-শিক্ষিকারা কাজে বহাল থাকতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *