“কার্বলিক অ্যাসিড লাগবেই!” অতি-বামপন্থীদের সাফ করতে বেলাগাম হুংকার অর্জুন সিংয়ের

কাকিনাড়া: অতি-বামপন্থী রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানায় নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। সোমবার কাকিনাড়ার পাণপুর মোরে আয়োজিত দলীয় কর্মীসভায় দাঁড়িয়ে তিনি প্রকাশ্যেই হুমকি ও কটাক্ষের বার্তা দেন।
বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, “অতি-বামপন্থীদের তাড়াতে কার্বলিক অ্যাসিড লাগবেই। এরা এখন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে।” প্রশাসনের উদ্দেশে তিনি দাবি জানান, “দু’ঘণ্টা ব্ল্যাকআউট করার অনুমতি দেওয়া হোক, তবেই এদের সম্পূর্ণ ‘ওয়াশ আউট’ করে দেব।” পাশাপাশি কার্ল মার্কস ও লেনিনের রাজনীতি অনুসরণকারীদের তীব্র সমালোচনা করে তিনি মন্তব্য করেন, যারা বাবা-মাকে সম্মান করে না, তারা বিদেশে তৈরি আদর্শ মেনে চলে।
শুভেন্দু প্রসঙ্গ ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে অর্জুন দাবি করেন, মুখ্যমন্ত্রী ‘অত্যন্ত ভদ্রলোক’ বলেই দেশবিরোধী কাজের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত কঠোর পদক্ষেপ করছেন না। তবে যারা দেশকে ‘টুকরে টুকরে’ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে আরও কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি সওয়াল করেন।
কুণাল ঘোষের ঘটনায় কটাক্ষ: সম্প্রতি শ্রীরামপুরে তৃণমূল নেতা কুণাল ঘোষের গাড়িতে হামলা ও ডিম ছোড়ার ঘটনা প্রসঙ্গে অর্জুন সিংয়ের ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া, “এমন কোনো ডিম আছে বলে জানা নেই, যা ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায় বা কাউকে খুন করা সম্ভব!”
কাকিনাড়ার এই জনসভা থেকে বিরোধী ও অতি-বামপন্থীদের বিরুদ্ধে অর্জুন সিংয়ের এই বেনজির ও আক্রমণাত্মক বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।