‘যত ভাষণ দেবেন, মানুষ তত ক্ষেপবে!’ কুণাল ঘোষকে কড়া খোঁচা দিলীপের

‘যত ভাষণ দেবেন, মানুষ তত ক্ষেপবে!’ কুণাল ঘোষকে কড়া খোঁচা দিলীপের

কলকাতা: নিয়মিত প্রাতঃভ্রমণে বেরিয়ে আবারও চাঁচাছোলা ভাষায় শাসকদলকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কুণাল ঘোষের মন্তব্য থেকে শুরু করে এসআরএফটিআই (SRFTI) বিতর্ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—একাধিক ইস্যুতে সুর চড়ালেন তিনি।

কুণাল ঘোষকে তীব্র আক্রমণ: কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, “কুণাল ঘোষ যত বেশি কথা বলবেন, মানুষের রাগ তত বাড়বে। উনি কেন এত উল্টোপাল্টা বকেন? লোক ইরিটেটেড হয়।” কুণাল ঘোষের ওপর হামলার অভিযোগকেও পাত্তা না দিয়ে তিনি জানান, অস্তিত্ব সংকটে ভুগলেই মানুষ এ ধরণের কথা বলে খবরে ভেসে থাকার চেষ্টা করে।

এসআরএফটিআই ও সংস্কৃতি বিতর্ক: বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবিতে লাঠি চালানো ও আসাম্মান করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দিলীপবাবু বলেন, “বিচ্ছিন্নতাবাদী ও দেশবিরোধী শক্তিগুলি এখন প্রকাশ্যে চলে আসছে। নকশাল আমলে মহাপুরুষদের মূর্তি ভাঙার যে কালচার ছিল, তারই উত্তরসূরিরা এসব করছে। তবে এই ধরনের সমাজবিরোধী ক্রিয়াকলাপ বাংলার মানুষ মেনে নেবে না।”

আইনশৃঙ্খলা ও বোলপুরের ঘটনা: বোলপুরে বিজেপির বুথ সভাপতির গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সমাজবিরোধীরা এখনও পুরোপুরি শান্ত হয়নি। তবে প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ করছে এবং বিজেপি এর শেষ দেখে ছাড়বে। হরিদেবপুরের ক্লাব তাণ্ডবে বিজেপির যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “বিজেপিকে দোষ দেওয়া সহজ পন্থা হয়ে দাঁড়িয়েছে। ৫০ বছরের হিংসার রাজনীতি মানুষের রগে রগে ঢুকে গেছে, যা বদলাতে কিছুটা সময় লাগবে।”

মমতার ‘ভরসা’ রাজনীতি: কংগ্রেসের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএমের ওপর ভরসা করা প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কেউ ভরসা করে না, উনি প্রতি মাসে ভরসা পাল্টান। এখন ওঁর খড়কুটো আঁকড়ে ধরা ছাড়া আর কোনো সম্বল নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *