‘তৃণমূলের হাতে কমরেডদের রক্ত!’ মমতার সঙ্গে জোট প্রশ্নে বিস্ফোরক মীনাক্ষী

‘তৃণমূলের হাতে কমরেডদের রক্ত!’ মমতার সঙ্গে জোট প্রশ্নে বিস্ফোরক মীনাক্ষী

আলিপুরদুয়ার: কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিআইএম-এর দিল্লির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্টতা নিয়ে যখন জোর চর্চা চলছে, ঠিক তখনই চরম অসন্তোষ উগরে দিলেন বঙ্গ সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মমতার সঙ্গে সমঝোতার প্রশ্নে তাঁর সাফ জবাব, “তৃণমূলের হাতে আমাদের কমরেডদের রক্ত লেগে আছে।”

আলিপুরদুয়ারে গণতান্ত্রিক মহিলা সমিতির একটি কর্মসূচি থেকে মীনাক্ষী দাবি করেন, বর্তমান রাজ্য রাজনীতিতে তৃণমূল ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। জোর করে সিপিআইএম-এর সঙ্গে জোটের জল্পনা তৈরি করে তৃণমূলকে ফের প্রচারে আনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

অন্যদিকে, শিলিগুড়ি থেকে একই সুরে মমতার সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দলের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীও। তিনি জানান, তৃণমূলের সঙ্গে হাত মেলানোর কথা সিপিআইএম কর্মী-সমর্থকরা ভাবছেনই না।

যদিও পরিস্থিতি সামাল দিতে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, এই আলোচনা শুধুমাত্র বিজেপি-বিরোধী আন্দোলনের খাতিরে, এর সঙ্গে নির্বাচনী রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে নিচুতলার কর্মী ও রাজ্যের শীর্ষ নেতাদের এমন কড়া অবস্থানে এখন বেজায় অস্বস্তিতে আলিমুদ্দিন স্ট্রিট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *