অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও ‘সারথি’ সাইকেল! সরকারি স্কুলের জন্য শুভেন্দুর বিরাট ঘোষণা
সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। পূর্ববর্তী সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম ও লোগো পরিবর্তন করে সূচনা করা হলো নতুন ‘সারথি’ (Sarathi) প্রকল্পের। মঙ্গলবার পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পটির লোগো উন্মোচন করেন। একই সঙ্গে ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির পাশাপাশি অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদেরও দেওয়া হবে সারথি সাইকেল।
এদিনের অনুষ্ঠান থেকে নবম শ্রেণির প্রায় সাড়ে ১২ লক্ষেরও বেশি পড়ুয়ার হাতে সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আগের আমলের কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা বর্তমান সরকারের লক্ষ্য নয়। বরং প্রকল্পগুলির মধ্যে থাকা নানা অনিয়ম দূর করে সেগুলির নিরাপত্তা ও সামগ্রিক গুণমান বাড়াতেই রাজ্য সরকার বেশি জোর দিচ্ছে।
কন্যারত্ন দিবসে দেওয়া কথা স্মরণ করিয়ে শুভেন্দু অধিকারী আরও জানান, আগামী বছর থেকে পাঠরত পড়ুয়ারা বার্ষিক ভাতার পরিমাণও দ্বিগুণ পেতে চলেছে—বছরে ১,০০০ টাকার পরিবর্তে দেওয়া হবে ২,০০০ টাকা।
আগের প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগে সীমিত পরিসরে পাঞ্জাব থেকে সাইকেলের পার্টস এনে এখানে আসেম্বলিং করা হতো। সেই সময় ক্ষমতার শীর্ষস্তরে থাকা ব্যক্তিদের আত্মীয়রাই এসব কাজের দায়িত্ব পেতেন বলে তিনি অভিযোগ তোলেন। নতুন ‘সারথি’ প্রকল্পে সাইকেলের ফ্রেম, ফর্ক, মাডগার্ড ও টায়ারের গুণমান সম্পূর্ণ পরীক্ষা করে পুরোপুরি নিরাপদ সাইকেল তবেই পড়ুয়াদের হাতে দেওয়া হচ্ছে।
সাইকেলের পাশাপাশি রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্কুলে স্মার্ট ক্লাস তৈরি এবং দীর্ঘদিন ধরে চলা শিক্ষক সংকট মেটাতে এসএসসি-র (SSC) মাধ্যমে প্রথম দফায় ১০ হাজারের বেশি ত্রুটিমুক্ত ও স্বচ্ছ তালিকা প্রকাশের কথা জানান তিনি।