পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! বকেয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত তিন মাস ধরে রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এল বড় খবর। চলতি সেপ্টেম্বর মাসেই এই প্রকল্পের আওতায় উপভোক্তার সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। তবে এই বিপুল সাফল্যের মাঝেই বহু আবেদনকারীর ক্ষোভ—সব নিয়ম মেনে ফর্ম জমা দেওয়ার পরেও এখনও ঝুলে রয়েছে তাঁদের প্রাপ্য টাকা।
তবে এই সমস্ত অভিযোগ ও বিতর্কের মাঝে যোগ্য প্রাপকদের বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি বর্ধমানের এক জনসভায় বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার সামান্য সুবিধা দিতে মাস পর মাস সময় নষ্ট করত। অথচ বর্তমান সরকার মাত্র ৫ মাসেরও কম সময়ে ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে।
বর্ধমানের জেলাভিত্তিক তথ্য তুলে ধরে তিনি জানান, এই জেলায় ২৫ থেকে ৬০ বছর বয়সি ১২ লক্ষ৩৮ হাজার ৭৮১ জন আবেদনকারীর মধ্যে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২ জনের আবেদন মঞ্জুর হয়েছে। ইতিমধ্যেই ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জন মহিলা টাকা পেয়ে গেছেন। বাকি কিছু আবেদন যাচাইকরণের (Verification) পর্যায়ে রয়েছে।
পুজোর আগেই মিলবে টাকা? যাঁদের ভেরিফিকেশন এখনও বাকি, তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা—উৎসবের মরশুম অর্থাৎ পুজোর আগেই সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি যাঁদের আবেদন অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাঁরা অক্টোবর মাসের মধ্যেই প্রকল্পের পুরো সুবিধা পেয়ে যাবেন।
ফলে দীর্ঘ অপেক্ষার পর পুজোর মুখেই রাজ্যের লক্ষ লক্ষ বঞ্চিত মহিলার মুখে হাসি ফুটতে চলেছে।