SRFTI-তে তুলকালাম: ‘সমাজবিরোধী কাজ বরদাস্ত নয়’, উত্তাল ক্যাম্পাসে কড়া হুশিয়ারি দিলীপের!

SRFTI-তে তুলকালাম: ‘সমাজবিরোধী কাজ বরদাস্ত নয়’, উত্তাল ক্যাম্পাসে কড়া হুশিয়ারি দিলীপের!

কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) ক্যাম্পাসে আরএসএস-এর শাখা সংগঠন ভারতীয় শিক্ষক মহাসঙ্ঘের (ABGP) একটি অনুষ্ঠান ঘিরে রবিবার চরম উত্তেজনা ছড়ায়। ক্যাম্পাসের মেন থিয়েটার হল ভাড়া নেওয়াকে কেন্দ্র করে পড়ুয়াদের সঙ্গে আয়োজকদের সংঘর্ষ বাঁধে। ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর, বহিরাগতদের তাণ্ডব এবং ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে। আক্রান্ত হন কয়েকজন শিক্ষকও।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোমবার কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “যারাই এটি করে থাকুক না কেন, এটা স্পষ্টতই সমাজবিরোধী কার্যকলাপ। এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

সোচ্চার হয়ে দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন যে, গোলমালের সময় স্বামী বিবেকানন্দের ছবিতে অপমান করা হয়েছে। তিনি নকশাল আমলের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “অতীতে মহাপুরুষদের মূর্তি ভাঙা বা কালি লাগানোর যে অপসংস্কৃতি ছিল, তারই কিছু উত্তরসূরি এখনও বেঁচে রয়েছে। তবে দেশের সংস্কৃতি ও পরম্পরা বিরোধী এসব কার্যকলাপ মানুষ আর মেনে নেবে না। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতির পর ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় রাখতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। SRFTI-এর ডিন ইন-চার্জ সুকান্ত মজুমদার জানান, নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *