এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের বড় চমক! জ্যাভলিনে জোড়া পদক পেল দেশ

এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের বড় চমক! জ্যাভলিনে জোড়া পদক পেল দেশ

চোটের কারণে তারকা অ্যাথলিট নীরজ চোপড়া ছিটকে যাওয়ায় এশিয়ান গেমস ২০২৬-এ জ্যাভলিন থ্রো নিয়ে বড় চিন্তায় ছিল ভারত। তবে সেই দুশ্চিন্তা দূর করে দেশকে জোড়া সাফল্য এনে দিলেন ভারতের দুই অ্যাথলিট যশবীর সিং ও রোহিত যাদব। সোনা হাতছাড়া হলেও জ্যাভলিনে রুপো ও ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন তাঁরা।

ইভেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন দুই ভারতীয়। যশবীর প্রথম প্রচেষ্টাতেই ৮৩.৫৬ মিটার ছুড়ে শীর্ষস্থান ধরে রাখেন। অন্যদিকে রোহিত তাঁর তৃতীয় প্রচেষ্টায় ৮৪.৩৫ মিটার থ্রো করে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে চলে আসেন। তবে চতুর্থ প্রচেষ্টায় ৮৮.৩৩ মিটার থ্রো করে সব হিসেব ওলটপালট করে দেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। শেষ পর্যন্ত তিনি ৮৮.৫৫ মিটার থ্রো করে সোনা নিজের নামে করেন।

শ্রীলঙ্কার অ্যাথলিট শীর্ষে চলে গেলেও চাপের মুখে হাল ছাড়েননি যশবীর সিং। শেষ প্রচেষ্টায় নিজের জীবনের সেরা ৮৫.৭২ মিটার থ্রো করে রুপো নিশ্চিত করেন তিনি। ৮৪.৩৫ মিটার থ্রোয়ের সুবাদে ব্রোঞ্জ পান তরুণ অ্যাথলিট রোহিত যাদব।

উল্লেখযোগ্যভাবে, এই ইভেন্টে প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের তারকা অ্যাথলিট আরশাদ নাদিমও প্রতিযোগী হিসেবে ছিলেন। কিন্তু ৮০.২৯ মিটার থ্রো করে তাঁকে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হয়। নীরজের অনুপস্থিতিতেও জ্যাভলিনে ভারতের এই জোড়া পদক জয় নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *