রোজভ্যালি কাণ্ডে বড় ধাক্কা! ১৫ নভেম্বরের মধ্যে ৫৫০ কোটি টাকা ফেরতের কড়া নির্দেশ হাইকোর্টের
September 30, 20268:05 am

রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতকারীদের জন্য এবার বড় আশার আলো। অবশেষে রাজ্যের লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষের পাওনা টাকা ফেরাতে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রায় ৩২.৪৩ লক্ষ আমানতকারীকে মোট ৫৫০ কোটি টাকা ফেরত দিতে হবে।
টাকা ফেরানোর প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে চলা ঢিলেমি ও গড়িমসি নিয়ে আদালত এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করে। আমানতকারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করতে একাধিক কড়া সময়সীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট:
- ৩১ ডিসেম্বর, ২০২৬: এই তারিখের মধ্যে ‘Serious Fraud Investigation Office’ (SFIO)-কে রোজভ্যালির সমস্ত আর্থিক লেনদেনের ফরেনসিক অডিট সম্পন্ন করতে হবে।
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৭: অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC)-র কাজ ও স্বচ্ছতার ওপর নজর রেখে তাদের কাজের মেয়াদ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাখা হয়েছে।
- এসপি তালুকদার কমিটির কাছে হস্তান্তর: নির্ধারিত মেয়াদের পর রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হবে জাস্টিস এসপি তালুকদার কমিটির হাতে। বর্তমানে এই কমিটি রাজ্যের অন্য ১০৩টি চিটফান্ডের টাকা ফেরানোর কাজ পরিচালনা করছে।
আদালতের এই কড়া অবস্থানের পর বছর ধরে দুশ্চিন্তায় থাকা সাধারণ মানুষ নতুন করে তাঁদের জমানো টাকা ফেরত পাওয়ার স্বপ্ন দেখছেন। এখন নজর নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই নির্দেশ কতটা কার্যকর হয় সেদিকেই।