পুজোয় কি তবে বাস সংকট? মহিলাদের ফ্রি সফর চালু রাখতে ফের ২৫ কোটি চাইল NBSTC!

পুজোয় কি তবে বাস সংকট? মহিলাদের ফ্রি সফর চালু রাখতে ফের ২৫ কোটি চাইল NBSTC!

রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হওয়ার পর থেকেই যাত্রী সংখ্যায় ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কিন্তু এই জনপ্রিয় পরিষেবা চালু রাখতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। সামনেই দুর্গাপুজো, আর তার আগেই পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্যের কাছে আরও ২৫ কোটি টাকা বরাদ্দের জরুরি আবেদন জানিয়েছে নিগম কর্তৃপক্ষ।

নিগম সূত্রের খবর, রাজ্য জুড়ে মহিলাদের ফ্রি বাস সফর অত্যন্ত জনপ্রিয় হলেও এর ফলে পরিবহণ নিগমের ওপর আর্থিক চাপ বহুগুণ বেড়ে গিয়েছে। এর আগে এই বাড়তি খরচ সামাল দিতে রাজ্য সরকারের তরফে দুই দফায় প্রায় ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু যাত্রী সংখ্যা বিপুল বৃদ্ধি পাওয়ায় সেই বরাদ্দের টাকা প্রায় শেষ হতে চলেছে।

এই প্রসঙ্গে NBSTC-র ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার রায় জানান, আগামী নভেম্বর মাস পর্যন্ত মহিলাদের বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্নে বজায় রাখতে আরও ২৫ কোটি টাকার চাহিদা রয়েছে। সেই অনুযায়ী সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আগের দেওয়া টাকা ইতিমধ্যেই নিগমের বিভিন্ন ডিভিশনে বণ্টন করে দেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট (যেমন দিনহাটা অঞ্চল) পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আসন্ন দুর্গাপুজো উপলক্ষে উত্তরবঙ্গের দূরপাল্লার বাসেও মহিলা যাত্রীদের বুকিং রেকর্ড ছুঁয়েছে। উৎসবের মরশুমে যাতে কোনো রুতেই বাস পরিষেবা ব্যাহত না হয়, সেদিকেই নজর রাখছে নিগম। এখন রাজ্য সরকার এই ২৫ কোটি টাকার অতিরিক্ত আবেদন মঞ্জুর করে কি না, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *