‘সুদীপ সফট টার্গেট!’ কুণালের ওপর হামলায় তৃণমূলের যৌথ তোপ, নিশানায় পুলিশও

উত্তরপাড়ার পর এবার নিজের নির্বাচনী কেন্দ্র বেলেঘাটা— পরপর হামলার মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এই হামলার নেপথ্যে দলত্যাগী এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে দাবি তুলেছিল বিজেপি। তবে সেই দাবি এক ফুঁয়ে উড়িয়ে দিলেন সুদীপের স্ত্রী তথা তৃণমূল বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়। কুণালকে পাশে বসিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
‘সুদীপ সফট টার্গেট’, সরব নয়না বুধবার কুণাল ঘোষের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন নয়না বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির অভিযোগ নস্যাৎ করে নয়না বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কখনো হিংসার পথ নেবেন না। ওঁকে আসলে সফট টার্গেট করা হচ্ছে। যাই ঘটুক না কেন, ওঁর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া সহজ। কিন্তু বাস্তবটা আলাদা।”
তিনি আরও যোগ করেন, “কুণালদার সঙ্গে আমাদের কী মতবিরোধ রয়েছে, তা আমাদের ভেতরের বিষয়। আমরা নিজেরা বুঝে নেব। কিন্তু একজন বিধায়কের ওপর এভাবে হাতুড়ি দিয়ে হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” নয়নার স্পষ্ট দাবি, পিছন থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা নিজেদের বাঁচাতে বিষয়টিকে ‘তৃণমূল বনাম তৃণমূল’ লড়াই হিসেবে চালিয়ে দেওয়ার চক্রান্ত করছে।
পুলিশ ও বিজেপির বিরুদ্ধে কুণালের ক্ষোভ এই ঘটনায় রাজনৈতিক ইন্ধন ও পুলিশের নিষ্ক্রিয়তার দিকে আঙুল তুলেছেন কুণাল ঘোষ নিজেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কলকাতার বুকে এত বড় অপরাধ ঘটে গেল, অথচ পুলিশ এখনও অবধি আমার বয়ান রেকর্ড করেনি কিংবা অভিযুক্তদের চিহ্নিতও করতে পারল না।”
সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে কুণাল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন দলে যাওয়ায় রাজনৈতিকভাবে তিনি সুদীপের বিরোধিতা জারি রাখবেন। তবে নয়না এখনও দলেই আছেন, তাই সুদীপের রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নয়নাকে মিলিয়ে আক্রমণ করা ভুল।
তিতকুটে সম্পর্ক ভুলে পাশে দাঁড়ানো রাজনৈতিক মহলে কুণাল ঘোষ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ সর্বদাই বেশ চর্চায় থেকেছে। কিছুদিন আগেই নয়নাকে ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বলে খোঁচা দিয়েছিলেন কুণাল। তবে বিজেপির অভিযোগ উরাতে এবং আক্রমণের জবাব দিতে অতীতের সমস্ত তিক্ততা ভুলে এবার একমঞ্চে জোট বাঁধলেন দু’জনে।