ডেটিং অ্যাপে ভুয়া পরিচয় দিয়ে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি! চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী

ডেটিং অ্যাপে আসল নাম ও পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক তৈরি এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার ডোমজুড় থানা এলাকার সলপে। পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা মহিলা উত্তর ২৪ পরগনার বরানগরের বাসিন্দা। ২০২৩ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়েছিল। প্রতারিত মহিলার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই ব্যবসায়ী। কিন্তু কয়েক মাস আগে তিনি অভিযুক্তের প্রকৃত পরিচয় জানতে পারেন। এরপর বিয়ের জন্য চাপ দেওয়া হলে স্পষ্ট নাকচ করে দেন ওই ব্যবসায়ী।
গত মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলা সরাসরি ডোমজুড়ে ব্যবসায়ীর দোকানে গিয়ে উপস্থিত হলে দু’জনের মধ্যে চরম বচসা শুরু হয়। গোলমাল শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে মহিলা তাঁদের সমস্ত ঘটনা খুলে বলেন। পরিস্থিতি বুঝে এলাকাবাসী অভিযুক্তকে আটকে রেখে তৎক্ষণাৎ ডোমজুড় থানায় খবর দেন। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। স্থানীয়দের দাবি, অতীতেও এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মহিলা একই ধরনের প্রতারণার অভিযোগ তুলেছিলেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত।