এক-দু’জন নয়, ২০ দিনে ১৪ জনকে ছোবল! সাপের আতঙ্কে কাঁটা পূর্ব বর্ধমানের এই গ্রাম

কুড়ি দিনে সাপের কামড়ে ১৪ জন আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোপা গ্রামে। যার মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের। প্রান্তিক এই অঞ্চলে সাপের উপদ্রব নতুন না হলেও, গত এক মাস ধরে বিষধর সাপের আনাগোনা হঠাৎই বহুগুণ বেড়ে গিয়েছে। রাত বাড়লেই ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ১৭ সেপ্টেম্বর অশোক চট্টোপাধ্যায় এবং ২৫ সেপ্টেম্বর ১৩ বছরের ছাত্রী আরাধ্যা মাজির মৃত্যুর পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। সন্ধ্যা নামলেই কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে গ্রামের রাস্তাঘাট। সামান্য শব্দেও চমকে উঠছেন সকলে। সাপের ভয়ে আলো জ্বালিয়ে জেগে রাত কাটাতে হচ্ছে আতঙ্কিত গ্রামবাসীদের।
পরিস্থিতি মোকাবিলায় একজোট হয়ে ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছেন গ্রামবাসী। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করার পাশাপাশি বন দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কেতুগ্রাম-২ ব্লকের বিডিও হৈমন্তিকা দাস জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্প বিশেষজ্ঞদের মতে, জমিতে কীটনাশক ব্যবহারের ফলেই সাপগুলি লোকালয়ে চলে আসছে। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং সঠিক চিকিৎসার ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পঞ্চায়েতের পক্ষ থেকেও গ্রাম পরিষ্কার ও সচেতনতা বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।