পুজো মণ্ডপের নিরাপত্তায় কড়া নজর প্রশাসনের, পরিদর্শনের পর বিশেষ নির্দেশ সুন্দরবন পুলিশ সুপারের

দুর্গাপুজোর আবহেই মণ্ডপের পরিকাঠামো ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরজমিনে মাঠে নেমেছে প্রশাসন। বুধবার দুপুর থেকে কাকদ্বীপ এলাকার বিভিন্ন নির্মীয়মাণ পুজো মণ্ডপে পরিদর্শনে যান পুলিশ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। সেখানে মণ্ডপের বর্তমান পরিস্থিতি ও অগ্নি নির্বাপণ ব্যবস্থার পাশাপাশি সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। সুরক্ষা জোরদার করতে বেশ কয়েকটি পুজো কমিটিকে শক্ত কাঠ বা লোহার রড দিয়ে মণ্ডপের নীচের পাটাতন তৈরি করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা এড়াতে উন্মুক্ত বৈদ্যুতিক তারগুলি প্লাস্টিকের পাইপ দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর। প্রশাসনের এই কড়া নজরদারিতে উৎসবের দিনগুলিতে মণ্ডপগুলির সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে, পুজোর মরশুমে সামাজিক বার্তা দিতে এদিন মগরাহাট থানা সমন্বয় কমিটির উদ্যোগে একটি আবাসনে দুর্গাপুজো ঘিরে সর্বদলীয় ও সর্বধর্মীয় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।