মিষ্টির দোকানে খুচরো নিয়ে বচসার ভয়াবহ পরিণতি, কড়া শাস্তির নির্দেশ দিল আদালত

মিষ্টির দোকানে খুচরো পয়সা নিয়ে বচসার জেরে গরম রসের কড়াইয়ে পড়ে দোকান কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আফসার আলি নামের এক যুবককে ছ’ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। বুধবার শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শরণ্যা সেন প্রসাদ অভিযুক্তকে অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্ত করে এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত যুবক আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানানোর ইচ্ছা প্রকাশ করেছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ মার্চ রাতে কাশীপুরের বিটি রোডের একটি মিষ্টির দোকানে খুচরো টাকা নিয়ে আফসারের সঙ্গে মালিকের গণ্ডগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়। সেই ঝামেলা থামাতে গিয়ে ফুটন্ত রস ভর্তি কড়াইয়ে পড়ে গুরুতর দগ্ধ হন মুর্শিদাবাদের বাসিন্দা দোকান কর্মী বলরাম ঘোষ। ঘটনার ১৪ দিনের মাথায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করুণ মৃত্যু হয়। বিশেষ সরকারি কৌঁসুলি অসীম কুমার জানান, তদন্তকারী অফিসার অনিলকুমার মণ্ডলের পেশ করা চার্জশিট ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেছে।