কলকাতায় কিছুদিন কাটিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা, সীমান্তেই হাতেনাতে ধরা পড়ল যুবক

কলকাতায় কয়েক দিন কাটানোর পর রাতের অন্ধকারে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ-এর হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পারাপারে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় দালালকেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার সীমান্ত লাগোয়া নফরচন্দ্রপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম বাবুল হোসেন হালাদার। তিনি বাংলাদেশের খুলনার ভাগরথ স্মরণখোলা গ্রামের বাসিন্দা।
তদন্তকারীদের দাবি, দিনকয়েক আগে বেআইনিভাবে ভারতে ঢোকার পর ওই যুবক কলকাতায় কিছুদিন অবস্থান করেন। এরপর পুনরায় দেশে ফেরার উদ্দেশ্যে তেহট্টের স্থানীয় এক দালালকে বিপুল টাকা দেন। বুধবার গভীর রাতে সীমান্তে সন্দেহজনক চলাফেরা দেখে বিএসএফ তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সম্প্রতি রাজ্যে একাধিক জঙ্গি চক্রান্তের তথ্য সামনে আসায়, ধৃত যুবক ঠিক কী উদ্দেশ্যে কলকাতায় এসেছিলেন এবং এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক পাচারচক্র জড়িত কি না, তা জানতে জেরা চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ।