ককপিটে জীবনের ঝুঁকি নিয়ে ১৭৪ জনের প্রাণ বাঁচালেন ভারতীয় পাইলট, সাহসিকতার বন্দনায় গোটা বিশ্ব

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানের ককপিটে সহ-পাইলটের প্রাণঘাতী হামলা ও উড়োজাহাজ ধ্বংসের চেষ্টা ব্যর্থ করে ১৭৪ জন যাত্রীর জীবন রক্ষা করেছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছার। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থাতেও চরম উপস্থিত বুদ্ধি দেখিয়ে তিনি হাইজ্যাকিং সংকেত পাঠান এবং বিমানটিকে নিরাপদে অবতরণ করান। বোয়িং ৭৩৭ বিমানে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ৩০ বছর বয়সী পাইলট বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল রয়েছেন। সহকর্মীরা তাঁর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন।
ক্যাপ্টেন স্মিত মচ্ছারের এই আসাম সাহসিকতা ও পেশাদারিত্বকে সম্মান জানিয়ে গুজরাট সরকারের পক্ষ থেকে তাঁকে ‘বিশিষ্ট গুজরাট গরিমা পুরস্কার’-এ ভূষিত করার কথা ঘোষণা করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সোশ্যাল মিডিয়ায় তাঁর অসামান্য বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশ্বের নানা প্রান্তের আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন সংস্থা এবং সাধারণ মানুষও এই বীর পাইলটের অদম্য মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।