সীমান্তে সন্ত্রাস নিয়ে আমেরিকাকে বড় হুঙ্কার জয়শঙ্করের, ভারত-মার্কিন সম্পর্কের সমীকরণে আসছে চরম মোড়?

নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে ওয়াশিংটন ও ইসলামাবাদের বাড়তে থাকা ঘনিষ্ঠতা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সীমান্তপার সন্ত্রাসবাদ ভারতের অন্যতম প্রধান ও সংবেদনশীল উদ্বেগের বিষয়, যা দশকের পর দশক ধরে দেশের সুরক্ষাকে প্রভাবিত করছে। কোনো বন্ধু বা সহযোগী রাষ্ট্র যদি দিল্লির এই সীমান্ত নিরাপত্তার সংকটকে যথেষ্ট গুরুত্ব না দেয় বা সহানুভূতিশীল না হয়, তবে তার সরাসরি প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর পড়তে বাধ্য। ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকা-পাকিস্তান সম্পর্কের নতুন সমীকরণ এবং ভারত-পাক সংঘাত প্রসঙ্গে মার্কিন দাবির প্রেক্ষাপটে জয়শঙ্করের এই মন্তব্যকে আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে।
অন্যদিক, ভারত-আমেরিকা বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী। তিনি জানান, চুক্তি চূড়ান্ত হলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন অনেকটাই কমবে, তবে আমেরিকার শুল্কনীতি এবং ধারা ৩০১-এর আইনি প্রক্রিয়ার কারণে বিষয়টি জটিল রূপ নিয়েছে। ভারতের অর্থনীতি প্রধানত ক্ষুদ্র উৎপাদক, কৃষক ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হওয়ায় দিল্লির সামাজিক ও উৎপাদন ব্যবস্থার সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সব বাধা পেরিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগোলেও ওয়াশিংটনের সাথে আগামী দিনে দিল্লির বাণিজ্যিক চুক্তি ঠিক কোন শর্তে চূড়ান্ত হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহল।