প্রাক্তন পরিবহণ মন্ত্রীর ১ কোটির ঋণ কেলেঙ্কারি, তদন্তে নামল কমিশন! – এক ঝলক

একঝলক ডেস্ক:
প্রভাব খাটিয়ে কৃষি সমবায় সমিতি থেকে এক কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে বিপাকে পড়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্যকর এই মামলায় তদন্ত শুরু করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন। নিয়ম অনুযায়ী শুধুমাত্র স্থানীয় বাসিন্দা ও কৃষকরাই এই সমবায় থেকে ঋণ পাওয়ার যোগ্য হলেও, হুগলির জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে প্রভাব খাটিয়ে এই বিপুল অর্থ ঋণ নেওয়া হয়। যার মধ্যে ৮৫ লক্ষ টাকা মন্ত্রীর নিজের নামে এবং বাকি অংশ এক আত্মীয়ের নামে নেওয়া হয়েছিল।
তদন্তের অংশ হিসেবে সম্প্রতি ওই সমবায় সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেছে কমিশন। কীভাবে এবং কার অনুমোদনে এই ঋণ মঞ্জুর হলো, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের তলব করা হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে প্রাক্তন মন্ত্রী দাবি করেছেন, তিনি সমবায়ের একজন গ্রাহক ছিলেন এবং ঋণের টাকা নিয়মমাফিক পরিশোধ করে দিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল সৃষ্টি হয়েছে।