জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বামেদের মিছিল, অন্যদিকে এসআরএফটিআই কাণ্ডে উত্তাল বাইপাস – এক ঝলক

একঝলক ডেস্ক:
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে শুক্রবার কলকাতায় জোরালো মিছিল করল বাম দলগুলি। রানি রাসমণি রোড থেকে শুরু হওয়া এই মিছিলে বামফ্রন্ট ও সিপিআই(এমএল) লিবারেশনের কর্মীরা অংশ নেন। ধর্মতলার গান্ধীমূর্তিতে মাল্যদানের পর সমাবেশে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। তাঁদের অভিযোগ, সংবিধানের মূল কাঠামো ধ্বংস করার চক্রান্ত চলছে। যদিও এই কর্মসূচিতে এসইউসি যোগ দেয়নি।
অন্যদিকে, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বাইপাসের অজয়নগর মোড়ে বিক্ষোভ সভায় মিলিত হন বিশিষ্ট ব্যক্তিবর্গ। কমলেশ্বর মুখোপাধ্যায় ও দেবদূত ঘোষের উপস্থিতিতে এই সভায় এসআরএফটিআই-এর পড়ুয়ারা মিছিল করে যোগ দেন। এসএফআই নেতৃত্ব সহ বিশিষ্টজনদের এই যৌথ প্রতিবাদ কর্মসূচি ঘিরে এদিন সন্ধ্যায় শহরজুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্যের সৃষ্টি হয়।