রক্তের দাগে ভেজা রাজনৈতিক সভা! পুলিশের সামনেই বিরাটিতে সিপিএমের ওপর দফায় দফায় হামলা, কাঠগড়ায় বিজেপি – এক ঝলক

একঝলক ডেস্ক:
শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বিরাটির বণিক মোড়ে সিপিএমের একটি পূর্বনির্ধারিত সভাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই ওই সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভা শুরু হওয়ার আগেই এবং চলাকালীন দু’দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই আকস্মিক ও হিংসাত্মক ঘটনায় সিপিএমের প্রায় ১০ জন নেতা-কর্মী গুরুতর জখম হয়েছেন। ভাঙচুর করা হয় সভার মঞ্চ, চেয়ার ও টেবিল। এমনকি বাধা দিতে গিয়ে এসএফআইয়ের একাধিক কর্মীও আক্রান্ত হন, যার মধ্যে একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।
বাম নেতৃত্বের অভিযোগ, নিমতা থানার পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই বিজেপি কর্মীরা এই তাণ্ডব চালিয়েছেন। পুলিশের সামনেই দফায় দফায় হামলা হলেও আইনশৃঙ্খলারক্ষা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে। ভাঙা মঞ্চেই প্রতিবাদী সভা চালিয়ে যান সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তাঁদের দল যুক্ত নয়। সিপিএমের তথাকথিত দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধেই শহরবাসীর স্বতঃস্ফূর্ত ক্ষোভ ও জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছে।