মাঝরাতে নাবালিকাকে নিয়ে বাইক বাহিনীর তাণ্ডব! মাঝরাস্তায় কান ধরে ওঠবোস করাল পুলিশ – এক ঝলক

একঝলক ডেস্ক:
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি এলাকায় গভীর রাতে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে নিয়ে বাইক নিয়ে দাপাদাপির অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে জনশূন্য ও নিস্তব্ধ রাস্তায় বিকট শব্দে বাইক চালিয়ে তাণ্ডব চালাচ্ছিল ওই যুবকরা। পরিস্থিতি দেখে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের বাইক থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশিতে জানা যায়, বাইকে থাকা ওই কিশোরীর বয়স মাত্র ১৫ বছর। গভীর রাতে নাবালিকাকে নিয়ে এভাবে বাইক নিয়ে ঘোরার বিষয়টি নজরে আসতেই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় পুলিশ।
থানায় নিয়ে যাওয়ার কথা বলতেই অভিযুক্ত যুবকরা পুলিশের কাছে ক্ষমা চেয়ে কাকুতিমিনতি শুরু করে। এরপর পুলিশ তাদের কড়া ধমক দিয়ে মাঝরাস্তাতেই কান ধরে ওঠবোস করায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও এই বাইক বাহিনী এলাকায় নৈরাজ্য সৃষ্টি করেছিল এবং সেবার ক্ষমা চেয়ে রেহাই পেয়েছিল। তবে বারবার এমন বেপরোয়া কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করতে পুলিশ এই তাৎক্ষণিক ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।