সারা গায়ে কাদা, রডে ঝুলছে দেহ! প্রোমোটারের রহস্যমৃত্যুতে ঘনাচ্ছে খুনের আশঙ্কা

বাঁকুড়ার সোনামুখী পৌরশহরের আদব বাজার এলাকা থেকে এক প্রোমোটারের রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম উত্তম চক্রবর্তী (আনুমানিক বয়স ৬০ বছর)। ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোনামুখী পৌরশহরের আদব বাজার এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ চলছিল। ওই প্রকল্পের ঠিকাদারি বা কন্ট্রাক্ট নিয়েছিলেন প্রোমোটার উত্তম চক্রবর্তী। শনিবার সকালে ডাম্পিং গ্রাউন্ডে কাজ করতে আসা শ্রমিকরা প্রাচীরের একটি লোহার রডের সঙ্গে উত্তম বাবুর ঝুলন্ত দেহ দেখতে পান। আকস্মিক এই দৃশ্য দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনামুখী থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হলো, তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে তীব্র রহস্য দানা বেঁধেছে। এটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য রয়েছে, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও সোনামুখী থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
তবে মৃতের ভাইপো সৌমেন চক্রবর্তীর বিস্ফোরক দাবি, তাঁদের কাকার আত্মহত্যার করার মতো কোনো কারণই ছিল না। তাঁর আরও দাবি, মৃত্যুর সময় উত্তম চক্রবর্তীর সারা শরীর ও মুখে কাদা মাখা ছিল। এই অবস্থায় পরিবারের জোরালো সন্দেহ, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকতে পারে। যদিও পরিবারের এই অভিযোগের সত্যতা সম্পূর্ণ তদন্তসাপেক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এবং পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।