আইন বদলাতেই বদলে যাবে বিচারব্যবস্থা? এফআইআর থেকে সুপ্রিম কোর্ট—মাত্র ৩ বছরেই মিলবে ন্যায়বিচার! – এক ঝলক

একঝলক ডেস্ক:
ভারতের বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতা ও বছরের পর বছর মামলা ঝুলে থাকার চিত্র চিরতরে বদলে যাওয়ার বিরাট ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মধ্যপ্রদেশের ভোপালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন যে, দেশে নতুন ফৌজদারি আইন পুরোপুরি কার্যকর হলে এফআইআর দায়ের করার পর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেকোনো ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া মাত্র ৩ বছরের মধ্যে সম্পন্ন হবে। একসময় দেশের বিচারব্যবস্থাকে উদ্দেশ্য করে যে ‘তারিখ পে তারিখ’-এর খোঁচা দেওয়া হতো, নয়া আইনের দ্রুত নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সেই সনাতন ঢিলেমিতে শক্ত রাশ টানা সম্ভব হবে বলে জানান তিনি।
ব্রিটিশ আমলের পুরোনো দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নাগরিককেন্দ্রিক বিচার সুনিশ্চিত করবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রাচীন আইনের লক্ষ্য যেখানে ছিল কেবল শাস্তি দেওয়া, সেখানে এই নতুন আইনগুলোর মূল নীতি হলো ভারতের নাগরিকদের সম্মান, নিরাপত্তা ও সম্পত্তি রক্ষা করে দ্রুত ন্যায়বিচার প্রদান করা। প্রযুক্তির ব্যবহার ও ফরেনসিক তদন্তকে প্রাধান্য দিয়ে গড়ে তোলা এই ব্যবস্থা পুরোপুরি চালুর মাধ্যমে ভারতের ফৌজদারি বিচার প্রক্রিয়া বিশ্বমঞ্চে অন্যতম আধুনিক হিসেবে পরিচিতি পাবে।