গান্ধী জয়ন্তীর সভাতেই রক্তারক্তি! দীপ্সিতাকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বিরাটিতে বামেদের ওপর ভয়ঙ্কর হামলার অভিযোগ – এক ঝলক

একঝলক ডেস্ক:
শুক্রবার গান্ধী জয়ন্তীর সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বিরাটির বণিক মোড়ে সিপিএমের পথসভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে সিপিএমের সভা চলার সময় আচমকা একদল দুর্বৃত্ত চড়াও হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে সভামঞ্চ ভাঙচুর করা হয়, চেয়ার ও ব্যানার তছনছ করা হয় এবং গান্ধী জয়ন্তীতে খোদ মহাত্মা গান্ধীর ছবিও ছিঁড়ে ফেলা হয়। এই আকস্মিক হামলায় পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়।
উত্তপ্ত এই পরিস্থিতিতে উপস্থিত বাম নেত্রী দীপ্সিতা ধরকে লক্ষ্য করে ইট ও চেয়ার ছোড়ার অভিযোগ ওঠে। হামলায় বেশ কয়েকজন সিপিএম কর্মী গুরুতর আহত হন এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর আক্রমণকারীরা বিজেপির পতাকা নিয়ে স্লোগান দেয় বলে বামেদের দাবি। সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগেই এই হামলা হয়েছে। তবে সমস্ত বাধা সত্ত্বেও সেই স্থানেই সভা চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন দীপ্সিতা ধর।