এসআরএফটিআই অশান্তি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, চিহ্নিত ২৫০! – এক ঝলক

একঝলক ডেস্ক:
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI-এর সাম্প্রতিক অশান্তির ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) নবান্নে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। লালবাজার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়ালের নেতৃত্বে ছয় সদস্যের এই দল ছয় পাতার একটি রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরে পেশ করে। গত রবিবার ঘটা এই সংঘর্ষের ঘটনার পর কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দুটি মামলা রুজু করে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দায়িত্ব সিটকে দেওয়া হয়।
ক্যাম্পাসের সিসি ক্যামেরা ও বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যেই মোট ২৫০ জনকে এই ঘটনায় চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উপাচার্যসহ ১০ জন কর্তৃপক্ষ, ১০ জন বাম ছাত্রনেতা এবং এবিভিপির ৩ জন সদস্যসহ মোট ২৩ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গোটা ঘটনাই উদ্দেশ্যপ্রণোদিত। মুখবন্ধ খামে জমা পড়া এই রিপোর্টের ওপর ভিত্তি করে নবান্নের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।