হলুদ-সবুজ বাসে কলকাতায় পা ভিনিসিয়াসদের, বিমানবন্দরেই শুরু ‘ক্রেজ’! তারপর কী হল? – এক ঝলক

হলুদ-সবুজ বাসে কলকাতায় পা ভিনিসিয়াসদের, বিমানবন্দরেই শুরু ‘ক্রেজ’! তারপর কী হল? – এক ঝলক

একঝলক ডেস্ক:

কলকাতায় পা রাখল ব্রাজিল ফুটবল দল। বৃহস্পতিবার সন্ধ্যায় চার্টার্ড বিমানে পৌঁছে বিমানবন্দরের ভেতর থেকেই হলুদ-সবুজ বাসে সোজা বাইপাসের ধারের হোটেলে চলে যান ভিনিসিয়াসরা। হোটেলে প্রিয় তারকাদের দেখতে ভিড় জমান বহু সমর্থক। ডন কার্লো সহ ফুটবলাররা হাত নেড়ে সাড়া দেন এবং ভিনি সমর্থকদের জার্সিতে অটোগ্রাফ বিলান। শুক্রবার সকালে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলন ও বিকেলে যুবভারতীতে অনুশীলন সারবে দলটি। ভারতের মাটিতে প্রথমবার খেলতে আসা ব্রাজিলের মুখোমুখি শনিবার খালিদ জামিলের ভারত। ম্যাচ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সল্টলেক স্টেডিয়াম দফায় দফায় পরিদর্শন করেছে পুলিশ।

ঐতিহাসিক এই মহারণকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের কমিশনার অমিত রাঠোর নিরাপত্তা নির্দেশিকা জারি করেছেন। স্টেডিয়ামে প্রবেশের সময় থাকবে তিন স্তরের তল্লাশি এবং ডিজিটাল টিকিট তিন দফায় পরীক্ষা করা হবে। অপ্রীতিকর ঘটনা ও বাড়তি ভিড় এড়াতে দর্শকদের বিকেল ৫টার মধ্যে স্টেডিয়ামে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে ভিতরে খাবার, জলের বোতল, ব্যানার, পোস্টার, লেজার লাইট, দাহ্য পদার্থ বা ধারালো বস্তু নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে গ্যালারিতে জল ও খাবারের ব্যবস্থা থাকছে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *