পুজোর কটা দিন ছুটি মিলবে না পুলিশকর্মীদের! রাজ্য পুলিশের কড়া নির্দেশিকা জারি – এক ঝলক

একঝলক ডেস্ক:
আসন্ন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা এবং ছট পূজার মতো বড় উৎসবের মরসুমকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত কর্মীর ছুটি স্থগিত রাখার বড় সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ সদর দপ্তর। উৎসবের দিনগুলিতে রাজ্যে আইনশৃঙ্খলা সুনিশ্চিত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র ও কঠোর করার উদ্দেশ্যে গত ২ অক্টোবর এই জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সবকটি পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশ সুপারদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশনামায় স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত কোনো পুলিশ সদস্যকে সাধারণ ছুটি প্রদান করা হবে না। তবে শুধুমাত্র জীবনমরণ সমস্যা কিংবা অত্যন্ত অপরিহার্য ও জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে ছুটি বিবেচনা করা হতে পারে। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিভঙ্গ রোধ করতেই প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।