সিবিআইয়ের হাতেই মেয়ের দেহ সৎকার মামলার তদন্ত! চরম ক্ষোভ প্রকাশ করে কী বললেন বিধায়ক রত্না দেবনাথ? – এক ঝলক

একঝলক ডেস্ক:
জলহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তাঁর ডাক্তার মেয়ের দেহ তড়িঘড়ি সৎকার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার ব্যারাকপুর গান্ধীঘাটের এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, মেয়ের দেহ জোর করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দারা প্রথম থেকেই চূড়ান্ত উদাসীন ছিলেন। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে এই তদন্তভার দেওয়ায় তিনি অসন্তুষ্ট। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি আর জি করের মূল ঘটনার সমান্তরাল কোনো প্রক্রিয়া নয়, বরং দেহ বলপূর্বক পুড়িয়ে দেওয়ার অপরাধের এক সম্পূর্ণ পৃথক আইনি লড়াই। সম্প্রতি তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্তকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
তড়িঘড়ি সৎকার মামলায় অভিযুক্তদের জামিন মিললেও এই আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রত্নাদেবী। সোমনাথ দের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা তাঁদের দীর্ঘদিনের অভিযোগকেই সত্য প্রমাণ করেছে। আইনি জটিলতা এড়িয়ে অভয়ার চক্রান্ত ও পাশবিক অত্যাচারের চূড়ান্ত সুবিচারের দাবিতে তিনি নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন।