বিদায় নিচ্ছে বর্ষা! দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়া নিয়ে বড় আপডেট – এক ঝলক

একঝলক ডেস্ক:
রাজ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং চড়া রোদের জেরে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। এর জেরে গত ২৪ ঘণ্টায় দমদমে প্রায় ৮১ মিলিমিটার ও সল্টলেকে ২৮ মিলিমিটার বৃষ্টি হলেও কলকাতায় তা ছিল মাত্র ২ মিলিমিটার।
অন্যদিকে, সিকিমের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি ও জোরালো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার দেশের বড়ো অংশের পাশাপাশি রাজ্যের দক্ষিণবঙ্গ থেকেই প্রথম বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হতে পারে। পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশ থেকেও বর্ষা শেষের পালা শুরু হয়েছে।