দুর্গাপুজোয় রেশনে বাম্পার ধামাকা! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি দিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এক ঝলক

একঝলক ডেস্ক:
দুর্গাপুজো উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর শুনিয়ে রেশনে বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, রাজ্যের রেশন ব্যবস্থায় ময়দা, চিনি ও সুজির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যে সরাসরি ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এই পুজো স্পেশ্যাল রেশনিং ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের প্রায় ৮ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। রাজ্য সরকারের এই উদ্যোগ সফল করতে খাদ্য দফতরকে ইতিমধ্যেই অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ প্যাকেজের আওতায় ৩৮ টাকা কেজির ময়দা অর্ধেক দামে মাত্র ১৯ টাকায় এবং ৬০ টাকা কেজির চিনি মাত্র ৩০ টাকায় সংগ্রহ করতে পারবেন সাধারণ গ্রাহকরা, বাকি অংশ সাবসিডি হিসেবে বহন করবে রাজ্য সরকার। পাশাপাশি, সুজির ক্ষেত্রে ৫০০ গ্রাম করে বিতরণের পরিকল্পনা রয়েছে এবং পুজোর সপ্তাহেই তা গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জোর প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।