এল নিনোর দাপট সত্ত্বেও কি জমবে না বাংলার শীত? – এক ঝলক

একঝলক ডেস্ক:
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ থেকে ২০২৭ সালের শুরু পর্যন্ত বিশ্বজুড়ে অত্যন্ত শক্তিশালী এল নিনো সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া ও চলতি মরসুমে ১৩ শতাংশ বৃষ্টির ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর হলো, আবহবিদদের মতে পূর্ব ভারতে এল নিনোর তেমন কোনও প্রত্যক্ষ প্রভাব পড়ে না। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়ের উপস্থিতির কারণে বাংলার শীতের মেজাজ বা তাপমাত্রার ওঠানামার সঙ্গে এল নিনোর সরাসরি কোনও যোগ নেই।
অন্য দিকে, রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেওয়ার চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য ও পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ থেকে ৮ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গ থেকে এবং ৯ থেকে ১২ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা। অর্থাৎ, আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যের সমস্ত জেলা থেকে বর্ষার বিদায় নিশ্চিত এবং আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।