জ্ঞানেশ কুমার না সরলে যন্তর মন্তর অচল করার হুঁশিয়ারি CJP-র, ফের উসকে গেল আন্দোলনের সলতে! – এক ঝলক

একঝলক ডেস্ক:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ চরম অনিয়মের অভিযোগে দেশের প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠছে দেশের রাজনীতি। ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ঘোষণা করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে দেশজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। সম্প্রতি মুম্বইয়ের শিবাজি পার্কে অনুমতি না থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ এই প্রতিবাদে শামিল হন, যার নেতৃত্বে ছিলেন দিপকে নিজে। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং সুরকার বিশাল দাদলানির মতো বহু বিশিষ্ট ব্যক্তি।
উল্লেখ্য, ইতিপূর্বে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে দীর্ঘ এক মাসের আন্দোলনের মুখে তৎকালীন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল বলে দাবি দলটির। আন্দোলনকে ‘গণতন্ত্র বাঁচানোর লড়াই’ আখ্যা দিয়ে দিপকে দিল্লি পুলিশ ও সরকারকে ২০ জুলাইয়ের পুলিশি নির্মমতার স্মৃতি মনে করিয়ে দেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁদের এই প্রতিবাদ হবে সম্পূর্ণরূপে অহিংস ও মহাত্মা গান্ধীর আদর্শভিত্তিক। দিল্লি পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে যেখানে আটকানো হবে, সেখানেই নতুন যন্তর মন্তর তৈরি করে বিক্ষোভ চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মুম্বইয়ের সমাবেশ থেকে শুরু হওয়া এই জেন-জি (Gen Z) আন্দোলন এবার দ্রুত রাজধানী অভিমুখে ছড়িয়ে পড়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।