জলবায়ুর চরম পরিবর্তন ও সুপার এল নিনোর থাবা, বিলুপ্তির পথে হামবোল্ট পেঙ্গুইন – এক ঝলক

একঝলক ডেস্ক:
পেরুর দক্ষিণ উপকূলের সংরক্ষিত অঞ্চল পুন্তা সান হুয়ানে আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে বিরল প্রজাতির হামবোল্ট পেঙ্গুইনের সংখ্যা। গবেষকদের মতে, ২০১২ সালে যেখানে প্রায় ৩,০০০ পেঙ্গুইন বাস করত, ২০২৫ সালের মধ্যে তা কমে ৫০০-এরও নিচে নেমে এসেছে। সমগ্র পেরু উপকূল জুড়ে এদের মোট সংখ্যা ১৫,৬৬৩ থেকে কমে মাত্র ৫,৪০০-এ দাঁড়িয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে ভয়াবহ বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে বহু পেঙ্গুইন ও সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়। পরবর্তীতে সমুদ্রের জলের অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি এদের অস্তিত্বকে চরম সংকটের মুখে ঠেলে দেয়।
সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি ও সম্ভাব্য ‘সুপার এল নিনো’র প্রভাবে পেরুর উপকূলীয় শীতল হামবোল্ট স্রোত ব্যাহত হচ্ছে। ফলে পেঙ্গুইনদের প্রধান খাদ্য অ্যাঙ্কোভি মাছ খাবারের সন্ধানে গভীর ও দূরবর্তী জলে চলে যাচ্ছে। পর্যাপ্ত খাদ্যের অভাবে প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনরা অনেক সময় ডিম ও বাসা ত্যাগ করতে বাধ্য হচ্ছে, এমনকি খাদ্যান্বেষণে গিয়ে প্রাণ হারাচ্ছে। ফলে গবেষকরা খালি বাসা ও পরিত্যক্ত ডিম দেখতে পাচ্ছেন। বিশ্ব উষ্ণায়ন ও বার্ড ফ্লুর জোড়া ফলায় পেরুর এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতিটি এখন সম্পূর্ণ বিলুপ্তির দ্বারপ্রান্তে।