প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে ফের চালু নার্সিংহোম, শিশুমৃত্যুতে তোলপাড় জামালপুর! – এক ঝলক

একঝলক ডেস্ক:
প্রশাসন আগেই বন্ধের নির্দেশ দিলেও সেই বিতর্কিত বেসরকারি নার্সিংহোমেই সদ্যোজাতর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। কাড়ালাঘাটের ওই লাইফ কেয়ার নার্সিংহোমে চিকিৎসায় মারাত্মক গাফিলতি ও বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলেছে শোকার্ত পরিবার। প্রসূতির স্বামী তাপস রায়ের দাবি, চিকিৎসক কামাল হোসেনের অধীনে ভর্তির পর থেকেই রোগীদের প্রতি চরম অবহেলা করা হচ্ছিল। গত শুক্রবার রাতে সিজারিয়ান অপারেশনের পরেই সন্তান মৃত বলে জানানো হয়, যা নিয়ে তীব্র ক্ষোভ ছড়ায়।
এদিকে, ঘটনার খবর সংগ্রহ করতে গেলে অভিযুক্ত চিকিৎসক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হুমকি দেন বলে গুরুতর অভিযোগ সামনে এসেছে। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত বছরই নার্সিংহোমটি বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। কিন্তু প্রশাসনিক নির্দেশ বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে নার্সিংহোমটি পুনরায় চালু হলো, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বর্তমানে পুলিশ ও স্বাস্থ্য দফতর যৌথভাবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
The post প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে ফের চালু নার্সিংহোম, শিশুমৃত্যুতে তোলপাড় জামালপুর! appeared first on এবেলা.