কনটেন্ট নিয়ে বিরোধ না কি অন্য শত্রুতা? বাইক থেকে এসেই জনপ্রিয় মেকআপ আর্টিস্টকে গুলি করে খুন! – এক ঝলক

একঝলক ডেস্ক:
পাঞ্জাবের অমৃতসরের লোহারকা রোড ও প্রতাপ নগর এলাকায় এক চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ও এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু ওরফে মধুসূদন। গত শনিবার সন্ধ্যায় বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। দ্রুত রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস হামলার একটি ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পাঞ্জাব পুলিশ।
অমৃতসরের পুলিশ কমিশনার হরমনবীর সিং গিল জানিয়েছেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পুলিশের হাতে এসেছে। খুব শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। প্রসঙ্গত, নিহত ম্যাড সান্ধু সোশ্যাল মিডিয়া ও পাঞ্জাবি চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত মুখ ছিলেন। তাঁর তৈরি বিভিন্ন কনটেন্ট নিয়ে কয়েকমাস আগে এক নিহাঙ্গ গোষ্ঠী আপত্তি তুলেছিল। এর আগেও গত বছর অপর এক ইনফ্লুয়েন্সারকে একইভাবে খুন করা হয়েছিল। বর্তমান হত্যাকাণ্ডের নেপথ্যে ঠিক কী উদ্দেশ্য রয়েছে, তা নিশ্চিত করতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।