কেজরিওয়ালের কপালে চিন্তার ভাঁজ! জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা কক্কড়সহ আপ ছাড়লেন একাধিক নেতা – এক ঝলক

একঝলক ডেস্ক:
আম আদমি পার্টির (আপ) শিবিরে বড়সড় রাজনৈতিক ভাঙন ধরেছে। রাঘব চাড্ডা সহ একাধিক শীর্ষ নেতার দল ত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার হাত শিবিরে যোগ দিলেন আপের জাতীয় পরিচিত মুখ তথা জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কড়। শনিবার দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব, রাজীব শুক্লা এবং পবন খেরার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে নাম লেখান তিনি। প্রিয়াঙ্কার পাশাপাশি আপ নেতা রজত রাকেশ ট্যান্ডন ও প্রাক্তন বিধায়ক শ্যাম সুন্দর শর্মাও দলত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। টিভি বিতর্কে নিজের আক্রমণাত্মক ও জোরালো অবস্থানের জন্য পরিচিত প্রিয়াঙ্কার এই দলবদলকে আপের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
কংগ্রেসে যোগ দিয়ে আপ নেতৃত্বের নীতি ও কর্মপদ্ধতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রিয়াঙ্কা কক্কড়। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলার প্রাথমিক আদর্শ থেকে সরে এসে আপ নেতারা এখন বিলাসিতায় মজেছেন এবং ব্যক্তিগত যাতায়াতে চপার ব্যবহার করছেন। রাহুল গান্ধীর নেতৃত্ব ও সততার ভূয়সী প্রশংসা করে তিনি জানান, পরিচ্ছন্ন ও প্রগতিশীল দিল্লি গড়তেই একমাত্র কংগ্রেসের হাত ধরেছেন। দলের অন্দরে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না এবং বুথ স্তরে কাজ না করা ব্যক্তিদের বড় পদ দেওয়া হচ্ছে—এমন বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়ার কারণ স্পষ্ট করেন তিনি।