‘সংসদ কি অন্ধকারের দিকে?’: স্পিকার ও চেয়ারম্যানকে তৃণমূলের কড়া চিঠি – এক ঝলক
.jpeg.webp?ssl=1)
একঝলক ডেস্ক:
সংসদের স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনকে পৃথক চিঠি দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকারকে পাঠানো চিঠিতে ‘কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স’ কমিটির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, যে সদস্যকে এই পদে বসানো হয়েছে, তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আবেদন স্পিকারের কাছে বিচারাধীন এবং তৃণমূলের মনোনীত প্রার্থীকে উপেক্ষা করা হয়েছে। বিতর্কিত পরিচয় ও পদ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সদস্যকে কীভাবে কোন দলের বরাদ্দে পদটি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে দলটি।
অন্যদিকে, রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে সংসদীয় ব্যবস্থার সামগ্রিক অবনতি এবং তৃণমূলকে অবমূল্যায়নের অভিযোগ তুলে প্রশ্ন করা হয়েছে, সংসদকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না। রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও তৃণমূলকে আটটি কমিটির একটিতেও প্রধানের পদ না দেওয়া এবং বিগত স্থায়ী কমিটিগুলোতে বিলের পরীক্ষা-নিরীক্ষা কমার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এছাড়া অধিবেশনে বৈঠকের সময় হ্রাস এবং লোকসভায় ডেপুটি স্পিকার পদ ফাঁকা রাখা নিয়ে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর সুষ্ঠু প্রতিকার ও জবাব দাবি করা হয়েছে।