৫০টা আসন দিলেও বেশি! কংগ্রেসের ১৫০ আসনের দাবিকে সপা নেতার কড়া চ্যালেঞ্জ

৫০টা আসন দিলেও বেশি! কংগ্রেসের ১৫০ আসনের দাবিকে সপা নেতার কড়া চ্যালেঞ্জ

আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সমাজবাদী পার্টি (SP) এবং কংগ্রেসের (Congress)-এর মধ্যে জোটের অঙ্ক কষা শুরু হতেই তা তীব্র দ্বন্দ্বে রূপ নিয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু না হলেও, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের দলের কাছে ১৫০টি আসন ছাড়ার দাবি জানিয়েছে কংগ্রেস শিবির। আর এই চওড়া দাবি প্রকাশ্যে আসতেই সপা সাংসদ শিবপাল সিং যাদবের চরম কটাক্ষে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

কংগ্রেসকে ৫০ আসন দেওয়াও বেশি: শিবপাল সিং

আসন্ন নির্বাচনে আসন রফা নিয়ে কংগ্রেসের দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন সপা সাংসদ শিবপাল সিং যাদব। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশে কংগ্রেসকে ১৫০ আসন ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং উলটে কটাক্ষের সুরে তিনি বলেছেন, “কংগ্রেসকে ৫০টি আসন ছাড়লেও তা অনেক বেশি বা বাড়াবাড়ি হয়ে যাবে।” তাঁর মতে, কংগ্রেস নেতৃত্বের নিজের রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি কতখানি, তা বিচার করেই তবে আসন নিয়ে দাবি জানানো উচিত।

পুরোনো পরিসংখ্যান টেনে খোঁচা

কংগ্রেসের এই উচ্চাকাঙ্ক্ষী দাবির সমালোচনা করে শিবপাল সিং ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফল স্মরণ করিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনেই প্রার্থী দিয়ে মাত্র দু’টি আসনে জিতেছিল হাত শিবির। ৫ বছর আগের সেই ভরাডুবি থেকে কংগ্রেস আদৌ কোনো শিক্ষা নিয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন প্রবীণ এই সপা নেতা।

পাশাপাশি, কংগ্রেসের বিরুদ্ধে ভোট কাটার গুরুতর অভিযোগও এনেছেন তিনি। শিবপালের দাবি, ২০২২ সালে কংগ্রেস যদি বিরোধীদের ভোট না কাটত, তবে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিই সরকার গঠন করতে পারত। শুধু বিধানসভাই নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের তুলনা টেনেও কংগ্রেসকে এক হাত নিয়েছেন তিনি। গত লোকসভা ভোটে অখিলেশের সমাজবাদী পার্টি ৩৭টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হলেও, কংগ্রেস পেয়েছিল মাত্র ৬টি আসন। শিবপালের সাফ দাবি, সমাজবাদী পার্টির সঙ্গে জোট না বাঁধলে ওই ৬টি আসনেও জামানত টিকত না কংগ্রেসের।

অক্টোবরে আসন রফা চূড়ান্ত হওয়ার জল্পনা

এর আগে উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা দাবি করেছিলেন যে, জোটবদ্ধভাবে লড়লে রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে অন্তত ১৫০টিতে লড়বে কংগ্রেস এবং চলতি অক্টোবরের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। এমনকি সমস্ত আসনেই তাদের প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছিল। কিন্তু ভোটমুখী রাজ্যে নির্বাচনের বহু আগেই আসন নিয়ে সমাজবাদী পার্টির এমন প্রকাশ্য আক্রমণ ও অনমনীয় মনোভাব যে মহাগঠবন্ধনের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *