এক বছর আগেই বিশ্বকাপের দল বেছে নিলেন সৌরভ! একাদশে জায়গা পেলেন কারা?

এক বছর আগেই বিশ্বকাপের দল বেছে নিলেন সৌরভ! একাদশে জায়গা পেলেন কারা?

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বসতে চলেছে এক দিনের বিশ্বকাপের আসর। সম্প্রতি এই মেগা টুর্নামেন্টের গ্রুপবিন্যাস এবং সূচিও প্রকাশ্যে এসেছে। আর বিশ্বকাপ শুরু হওয়ার এক বছর আগেই ভারতের সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সম্প্রচারকারী চ্যানেলে কথা বলার সময় নিজের পছন্দের ১১ জনের নাম প্রকাশ করেছেন তিনি।

প্রথম পাঁচে ভরসা অভিজ্ঞতায় সৌরভের বেছে নেওয়া দলের প্রথম পাঁচে খুব একটা চমক নেই। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তিনি রেখেছেন শুভমন গিলকে। তিন, চার ও পাঁচ নম্বরের জন্য মহারাজের পছন্দ যথাক্রমে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল।

গম্ভীরের সামনে ‘হার্দিক’ চ্যালেঞ্জ দলের ভারসাম্য বজায় রাখতে ছয় নম্বরে হার্দিক পাণ্ড্যকে রেখেছেন সৌরভ। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার পরিবেশে হার্দিকের পেস বোলিং এবং ব্যাটিং ভারতের ট্রফি জয়ে বড় ভূমিকা নিতে পারে। তবে সৌরভ মনে করিয়ে দিয়েছেন, বর্তমান কোচ গৌতম গম্ভীরের কাছে বড় চ্যালেঞ্জ হলো হার্দিককে পুরো ফিট রাখা। হার্দিক চোট পেলে নীতীশ রেড্ডিকে বিকল্প হিসেবে ভাবা যেতে পারে, তবে তার আগে তাঁকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে হবে।

সাত নম্বরের জন্য পরিবেশ অনুযায়ী শিবম দুবে, রবীন্দ্র জাদেজা বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে যেকোনো একজনকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। আট নম্বরে থাকছেন অক্ষর প্যাটেল।

বাদ পড়লেন কুলদীপ বোলিং আক্রমণ সাজানোর ক্ষেত্রে সৌরভের পছন্দ তিন পেসার— জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তবে সম্প্রতি ভালো ছন্দে থাকা সত্ত্বেও স্পিনার কুলদীপ যাদবকে প্রথম একাদশের বাইরে রেখেছেন তিনি। মূলত দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচের কথা মাথায় রেখেই সৌরভের এই সিদ্ধান্ত।

সৌরভ স্পষ্ট জানিয়েছেন, দলের প্রথম পাঁচ ব্যাটারের কেউই বল করেন না। তাই দক্ষিণ আফ্রিকার পিচে একজন পেস-বোলিং অলরাউন্ডার দলে থাকাটা অত্যন্ত জরুরি। পঞ্চম বা ষষ্ঠ বোলার হিসেবে সঠিক বিকল্প খুঁজে বের করাটাই এখন ভারতের আসল কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *