আইন বদলাতেই কাটবে ‘তারিখ পে তারিখ’-এর চাটুকারিতা! দেশের বিচারব্যবস্থায় অমিত শাহের ঐতিহাসিক ঘোষণা – এক ঝলক

আইন বদলাতেই কাটবে ‘তারিখ পে তারিখ’-এর চাটুকারিতা! দেশের বিচারব্যবস্থায় অমিত শাহের ঐতিহাসিক ঘোষণা – এক ঝলক

একঝলক ডেস্ক:

ভারতের দীর্ঘসূত্রিতাপূর্ণ বিচারব্যবস্থায় বড় পরিবর্তনের বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মধ্যপ্রদেশের ভোপালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দেশে নতুন ফৌজদারি আইন পুরোপুরি কার্যকর হলে এফআইআর দায়ের থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেকোনো মামলার নিষ্পত্তি মাত্র তিন বছরের মধ্যেই সম্পন্ন হবে। ব্রিটিশ আমলের পুরনো আইপিসি, সিআরপিসি ও এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম বিচার প্রক্রিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, নতুন এই আইন বাস্তবায়িত হলে ভারতের ফৌজদারি বিচার প্রক্রিয়া বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী হিসেবে পরিগণিত হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক ফরেনসিক তদন্তকে গুরুত্ব দিয়ে তৈরি এই আইনের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং নাগরিকদের সম্মান ও সম্পত্তি রক্ষা করে দ্রুত ন্যায়বিচার সুনিশ্চিত করা। পাশাপাশি, দেশের বুক থেকে মাদক ব্যবসার রমরমা সম্পূর্ণ নির্মূল করার দিকেও এই আইনে বিশেষ জোর দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থার আধুনিকীকরণে এই পদক্ষেপ দেশের মানুষের দীর্ঘদিনের হেনস্থা ও ভোগান্তি দূর করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *