ভুয়ো পেমেন্ট মেসেজ দেখিয়ে সোনা সাবাড়, বিনম্র ব্যবহারে বাজিমাত করা সেই ধূর্ত মহিলা গ্রেপ্তার! – এক ঝলক

ভুয়ো পেমেন্ট মেসেজ দেখিয়ে সোনা সাবাড়, বিনম্র ব্যবহারে বাজিমাত করা সেই ধূর্ত মহিলা গ্রেপ্তার! – এক ঝলক

একঝলক ডেস্ক:

মার্জিত পোশাক আর অমায়িক ব্যবহারের আড়ালে লুকিয়ে ছিল বড়সড় প্রতারণা চক্র! একের পর এক সোনার দোকানে কেনাকাটা সেরে মোবাইল ফোনে ভুয়ো ‘পেমেন্ট সাকসেসফুল’ মেসেজ দেখিয়ে চম্পট দিচ্ছিলেন এক মহিলা। অনলাইনে টাকা ট্রান্সফার হয়েছে ভেবে দোকানিরা গয়না হাত তুলে দিলেও, পরে ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে মাথায় হাত পড়ত ব্যবসায়ীদের। কালীবাজারের এক সোনা ব্যবসায়ী জালিয়াতির শিকার হয়ে নরেন্দ্রপুর থানায় সিসিটিভি ফুটেজসহ অভিযোগ দায়ের করার পরই নড়েচড়ে বসে পুলিশ। কালক্ষেপ না করে দ্রুত তদন্তে নেমে পুলিশ লেক থানা এলাকার বাসিন্দা মধুরিমা দাস নামের ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে অত্যন্ত চমকপ্রদ তথ্য। অভিযুক্ত মধুরিমা প্রথমে বিভিন্ন অঞ্চলের সোনার দোকানগুলোতে রেকি করতেন। এরপর সুচতুরভাবে জাল মেসেজ তৈরি করে তা ব্যবসায়ীদের দেখিয়ে গয়না হাতিয়ে নিতেন। শুধু নরেন্দ্রপুর নয়, দুড়িয়া, খড়দহ ও রাজারহাটের একাধিক দোকানেও তিনি একই অভিনব কায়দায় চুরি চালিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতের থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই প্রতারণা চক্রে তিনি একাই যুক্ত, নাকি পেছনে অন্য কোনো বড় অপরাধী চক্রের হাত রয়েছে, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *