বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে আর ফেরা হলো না, আহমেদাবাদের আবাসনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তোলপাড়! – এক ঝলক

বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে আর ফেরা হলো না, আহমেদাবাদের আবাসনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তোলপাড়! – এক ঝলক

একঝলক ডেস্ক:

গুজরাতের আহমেদাবাদে সিলভার ওক বিশ্ববিদ্যালয়ের একুশ বছর বয়সী ফিনান্সের ছাত্র জিগর সোলাঙ্কির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাবনগরের বাসিন্দা জিগর ইশানপুরে মামাবাড়িতে থেকে পড়াশোনা করতেন, তবে আড়াই মাস আগে তিনি নতুন বাড়ি ভাড়া নেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ রাতের খাবার খেয়ে জওহর চকে বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাত সাড়ে ১১টা নাগাদ সর্দার পটেল স্কুলের পেছনের একটি আবাসন চত্বর থেকে তাঁকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। কাছেই দাঁড়িয়ে ছিল তাঁর মোটরসাইকেলটি।

আবাসনের বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিগরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের কাঁধ, দু’হাত, গাল, কোমর ও বুকে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ভারী কোনো বস্তুর আঘাতে এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। আবাসন চত্বরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছিল, নাকি অন্য কোথাও আক্রমণ করে দেহটি সেখানে ফেলে রাখা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *