এসআরএফটিআই,এ গেট ভেঙে ঢোকার চেষ্টা, ইট,জলের বোতল ছুড়ে হামলায় রণক্ষেত্র চত্বর

কলকাতা সত্য়জিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রের খবর, গত রবিবারের ঘটনার প্রতিবাদে অজয়নগর থেকে প্রতিষ্ঠানটির গেট পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ক্যাম্পাসের সামনে পৌঁছাতেই সদস্যরা গেট ধরে ধাক্কাধাক্কি শুরু করে এবং জোরপূর্বক ভিতরে ঢোকার চেষ্টা চালায়। সে সময় সুরক্ষার স্বার্থে হেলমেট পরে ভিতরে অবস্থান করছিলেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। অভিযোগ, বাইরে থেকে তাঁদের লক্ষ্য করে ইট ও জলের বোতল ছোড়া হয়, যার আঘাতে গুরুতর আহত হন অধ্যাপক দেবাশিস সেনশর্মা। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, ভিতর থেকেও পাল্টা বোতল ছোঁড়ায় তাঁদের কয়েকজন সদস্য জখম হয়েছেন। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে বেশ কয়েকজনকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
প্রসঙ্গতঃ গত রবিবার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনার সূত্রপাত ঘটে। অভিযোগ ওঠে, কিছু বামপন্থী শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে স্বামী বিবেকানন্দ ও ভারতমাতার ছবিতে আসাম্মান করে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন এবং পুলিশের তরফে মোট চারটি আলাদা মামলা দায়ের করা হয়। উচ্চশিক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে এমন আসাম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রবিবারের সেই ঘটনার জেরেই এদিন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ পুনরায় বিক্ষোভে শামিল হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় পতাকাকে অবমাননা করার প্রতিবাদেই তাঁরা নিজেদের শক্তি প্রদর্শন করেছেন। তবে এই নতুন সংঘর্ষ ও হামলা প্রসঙ্গে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।