মেসি ম্যাচের ক্ষতে প্রলেপ! উরুগুয়ের ম্যাচ দেখতে মিলবে ফ্রি টিকিট, আজই সংগ্রহ করুন

মেসি দর্শনে বঞ্চিত ফুটবলপ্রেমীদের জন্য বড় স্বস্তির ঘোষণা করল রাজ্য সরকার। হাজার হাজার টাকা খরচ করেও প্রিয় তারকাকে মাঠে দেখতে না পাওয়ার ক্ষোভ প্রশমিত করতে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে মেসি ইভেন্টের টিকিট কেটেও যারা চরম হতাশায় ভুগেছিলেন, সেই ২২ হাজার মানুষ সম্পূর্ণ নিখরচায় আগামী ৬ অক্টোবরের এই মেগা আন্তর্জাতিক ম্যাচটি উপভোগ করার সুযোগ পাবেন। সরকারের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ফুটবলপ্রেমী মহলে।
আজ, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলি থেকে এই ফ্রি টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়ার জন্য দর্শকদের একটি সরকারি পরিচয়পত্র এবং অনলাইনে কাটা মেসি ম্যাচের টিকিটের প্রমাণ দেখাতে হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কলকাতার মহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জুরি বাগ কমিউনিটি হল, অভয়ান কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল থেকে এই টিকিট বিতরণ করা হবে।