সাঁতার জানা সত্ত্বেও যুবকের রহস্যমৃত্যু! একদিন পর পুকুর থেকে উদ্ধার দেহ

উত্তর ২৪ পরগনার হাবড়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম নয়ন হালদার, যিনি হাবড়া থানার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত রবিবার সন্ধ্যায় এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। পরদিন সোমবার সকালে পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও তখন তাঁর কোনো সন্ধান মেলেনি।
অবশেষে সোমবার সন্ধ্যায় ওই একই পুকুরে নয়নের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুকুরপাড় থেকে আগেই তাঁর মোবাইল ফোন উদ্ধার হয়েছিল। নয়ন সাঁতার জানা সত্ত্বেও কীভাবে জলে ডুবে মৃত্যু হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে তাঁর স্ত্রীর দাবি, রবিবার নেশাগ্রস্ত অবস্থায় মাছ ধরতে গিয়েছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, নেশার ঘোরে পুকুরে পড়ে গিয়েই এই মর্মান্তিক পরিণতি হয়েছে, যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত কারণ স্পষ্ট হবে।