৯৯.৬% রেলপথ বিদ্যুতায়িত, তবুও কেন ট্রেনের জরুরি ভরসা ডিজেল ইঞ্জিন
ভারতীয় রেলের ব্রডগেজ নেটওয়ার্কের প্রায় ৬৯,৮৭৩ রুট কিলোমিটার অর্থাৎ ৯৯.৬ শতাংশেরও বেশি অংশ এখন সম্পূর্ণ বিদ্যুতায়িত। গত এক দশকে দ্রুত গতিতে বৈদ্যুতিকীকরণ সম্পন্ন হওয়ায় রেলের ডিজেল ব্যবহার প্রায় ৬৩ শতাংশ কমেছে, যা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও অর্থ সাশ্রয় করছে। তবে সম্পূর্ণ শতপ্রতিশত বিদ্যুতায়ন হলেও ডিজেল ইঞ্জিন পুরোপুরি তুলে দেওয়া সম্ভব হচ্ছে না।
প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় কিংবা গ্রিড বিপর্যয়ের মতো জরুরি পরিস্থিতিতে ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হলে ট্রেন চলাচল সচল রাখতে ডিজেল ইঞ্জিনই একমাত্র বিকল্প। এছাড়া রেল ইয়ার্ডে শান্টিং, রক্ষণাবেক্ষণ শেডে ট্রেন রেক সরোনো এবং পাহাড়ি মিটারগেজ ও ন্যারোগেজ রুটগুলিতে নিয়মিত ট্রেন পরিচালনায় এখনও ডিজেল ইঞ্জিনের ওপর নির্ভর করতে হয়। ফলে কৌশলগত ও সংকট মোকাবিলার তাগিদে আধুনিক বৈদ্যুতিক যুগেও ভারতীয় রেলে ডিজেল ইঞ্জিনের গুরুত্ব অপরিসীম।