ভোটের মুখে তোলপাড় পাঞ্জাব: খোদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দপ্তরে বড় দুর্নীতির পর্দাফাঁস, তদন্তে নামছে সিবিআই!

আসন্ন বিধানসভা নির্বাচনের মুখেই বড়সড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর দপ্তরে প্রশাসনিক আধিকারিকদের বদলি, পদোন্নতি, জমি ব্যবহারের অনুমতি (সিএলইউ) ও হাউজিং সোসাইটি-সংক্রান্ত অর্থ পাচারে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইডির দাবি, এই বেআইনি চক্রে মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রাজবীর ঘুমানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পাঞ্জাবের ডিজিপিকে তিন দফায় চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
পুলিশের এই নিষ্ক্রিয়তার পর আইনজীবী নিখিল সরাফ পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সোমবার সেই মামলার শুনানিতে আদালত পুরো ঘটনাটির নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তের পর আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব সরকার তীব্র অস্বস্তিতে পড়েছে। তবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুরু থেকেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, এটি বিরোধী শাসিত রাজ্যকে হেয় করা এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।