মেডিক্যাল রিপোর্ট ফাঁসের নেপথ্যে কে? এসএসকেএমকে কড়া চিঠি মমতার আইনজীবীর

কোনো রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা বাধ্যতামূলক হলেও, রাজনীতির ময়দানে তা নিয়ে এবার শুরু হয়েছে কড়া আইনি লড়াই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকালীন চিকিৎসা সংক্রান্ত গোপনীয়তা ভেঙে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় আপত্তি জানিয়ে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর, সুপার এবং বিভাগীয় প্রধানকে আইনি চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ। কার অনুমতিতে এবং কোন নিয়মের ভিত্তিতে রোগীর ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ্যে এল, সেই প্রশ্নই জোরালোভাবে তোলা হয়েছে এই নোটিসে।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে প্রচারের সময় আহত হয়ে হুইলচেয়ারে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেই সময়ের দুর্ঘটনা ও চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করা হয় যে আঘাতের বিষয়টি সত্য ছিল না। বাঙ্গুর ও এসএসকেএম হাসপাতালের সেই সমস্ত নথিপত্র জনসমক্ষে আসার পরেই গোপনীয়তা রক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়। রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের দায় হাসপাতাল কর্তৃপক্ষের ওপর বর্তায় কি না, তা স্পষ্ট করতেই সোমবার এই আইনি পদক্ষেপ করা হলো।